Home

August 20, 2010: গণমাধ্যমে প্রকাশার্থ

 

বিবৃতি
ট্রাস্টিবোর্ড
মুক্তিযুদ্ধ জাদুঘর

 

বিগত ১১ আগস্ট ২০১০ ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সরকারি-বেসরকারি ব্যাংকসমূহের পক্ষ থেকে মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ তহবিলে সহায়তা প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে ব্যতিক্রমী ও তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের পক্ষে এই সহায়তা গ্রহণে সম্মত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরল দৃষ্টান্ত স্থাপন করেন।

 

আর্থিক খাতের বিধিবদ্ধ প্রতিষ্ঠান ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের একজন সদস্য হিসেবে উক্ত অনুষ্ঠানে বিতর্কিত প্রতিষ্ঠানের প্রতিনিধির উপস্থিতি ও চেক হস্তান্তরের মতো অনভিপ্রেত ঘটনা ঘটেছে এবং এর ফলে অগণিত সুহৃদ, শুভানুধ্যায়ী ও মুক্তিযুদ্ধের সপক্ষমহলে যে-প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে তার সঙ্গে মুক্তিযুদ্ধ জাদুঘর সহমত প্রদর্শন করে। ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শিডিউল ব্যাংকের অংশগ্রহণের বিষয়টি মুক্তিযুদ্ধ জাদুঘরের এখতিয়ার-বহির্ভূত ছিল। মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণে স্বাধীনতা-বিরোধী মহলের সাহায্য-সহযোগিতা গ্রহণ না করার বিষয়ে জাদুঘর সচেতন রয়েছে এবং আর্থিক খাতের স্বীকৃত প্রতিষ্ঠানসমূহের মিলিত উদ্যোগের অনুষ্ঠানে বিতর্কিত একটি প্রতিষ্ঠানের শরিকানা ঘটলেও তাদের দেয় অর্থ মুক্তিযুদ্ধ জাদুঘরের তহবিলে গ্রহণযোগ্য নয়। ইতিপূর্বে ৫ আগস্ট ২০১০ তারিখে ট্রাস্টিবোর্ডের সভায় এ-বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। এই নীতিগত অবস্থানের ভিত্তিতে মুক্তিযুদ্ধ জাদুঘর সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও করবে। অগণিত মানুষের ভালোবাসা ও আস্থার শক্তিতে বিকশিত মুক্তিযুদ্ধ জাদুঘর এমনি আস্থার প্রতি শ্রদ্ধাশীল থাকা স্বীয় দায়িত্ব ও কর্তব্য হিসেবে গণ্য করে।

 
This Day in 1971
February 7, 1971

 

  • যথাযোগ্য পবিত্রতার মধ্য দিয়ে ঢাকাসহ সারাদেশে পবিত্র ঈদুল আজহা পালিত হয়। বিভিন্ন ঈদের জামাতে দেশের শান্তি ও সমৃদ্ধি এবং সাম্রাজ্যবাদী ইহুদিবাদের বিরুদ্ধে প্যালেস্টাইনীদের মুক্তি সংগ্রামে সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আউটার স্টেডিয়ামে ঢাকার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রাদেশিক গভর্নর ভাইস এডমিরাল এম. এম. আহসান ঈদের প্রথম জামাতে নামাজ পড়েন। আওয়ামী লীগ প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধানমন্ডি ক্লাব ময়দানে অনুষ্ঠিত ঈদের জামাতে নামাজ আদায় করেন।

  • স্টেট ব্যাংক অব পাকিস্তানের গভর্নর জনাব এম. রশিদ শিল্প, কাঁচামাল, শেয়ার ও সিকিউরিটি এবং রপ্তানির উদ্দেশ্যে ক্ষুদ্র ঋণ গ্রহীতাকে ৫ লক্ষ টাকা অগ্রীম দানে কোন প্রকার বাধা না দেয়ার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঢাকাতে এক নির্দেশ দেন।

  • মরিশাসের প্রধানমন্ত্রী ড. শিবসাগর রামগোলাম ৬ দিনব্যাপী পাকিস্তান সফর শেষে পাকিস্তান ও মরিশাসের এক যুক্ত ইস্তেহারে জাতিসংঘের প্রস্তাবের বাস্তবায়ন দ্বারা আন্তর্জাতিক উত্তেজনা প্রশমিতকরণ এবং শান্তি দীর্ঘায়িত করার ওপর গুরুত্বারোপ করেন।

  • পাকিস্তানের প্রেসিডেন্ট আগা মোহাম্মদ ইয়াহিয়া খান রাওয়ালপিন্ডির জিএইচকিউ ময়দানে ঈদের নামাজ আদায় করেন। নামাজের পর তিনি বহু সংখ্যক লোকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

  • মুদ্রাস্ফীতি প্রতিরোধ ব্যবস্থার ছদ্মবেশে বাণিজ্যিক ব্যাংকগুলি ঋণ প্রদানের উপর যে বিধি নিষেধ আরোপ করেছে, এর ফলে শীঘ্রই পূর্ব পাকিস্তানের অর্থনীতির উপর বিপর্যয় নেমে আসতে পারে বলে ঢাকা বণিক সমিতির প্রেসিডেন্ট এবং জাতীয় পরিষদ সদস্য মতিউর রহমান মত প্রকাশ করেন। বিবৃতিতে জনাব রহমান বলেন, এই ব্যবস্থা ক্ষুদ্র ব্যবসায়ী ও শিল্পপতিদের নিশ্চিহ্ন করবে যার অর্থ সমগ্র পূর্ব পাকিস্তানি ব্যবসায়ী গোষ্ঠীর অবলুপ্তি।